বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এ লক্ষ্যে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। এ সময় ব্যাংকটির তারল্য পরিস্থিতি, আমানতকারীদের অর্থ উত্তোলন এবং ব্যাংকের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে গভর্নর বলেন, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
বিশেষ করে আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ তুলতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে অবহিত করেন। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s