বিজ্ঞপ্তি | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দেশের সাত জেলায় সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও বগুড়ায় এসব আউটলেটের কার্যক্রম শুরু হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ নামে পরিচালিত হচ্ছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সাতটি আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা প্রধান এবং সংশ্লিষ্ট এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘স্বাগতম’ আউটলেট থেকে প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ নামে ইসলামি ব্যাংকিংয়ের বিভিন্ন আধুনিক সেবাও পাওয়া যাবে।
গ্রাহকেরা এসব আউটলেটের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে অর্থ পাঠানো এবং বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, চেক বই প্রক্রিয়াকরণ, বিও হিসাব খোলা ও শেয়ার লেনদেনের সুবিধাও থাকবে।
এ ছাড়া ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, ঋণের কিস্তি গ্রহণ, জীবন বীমা, ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা ও ভোক্তা ঋণসংক্রান্ত সেবা এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকদের জন্য রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। ব্যাংকটির দাবি, নতুন আউটলেটগুলো চালুর ফলে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের কাছে আধুনিক আর্থিক সেবা আরও সহজে পৌঁছে যাবে।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s