রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেসির বিদায়ী ম্যাচ কয়টায়, কোথায় দেখা যাবে

ফোকাসবাংলা২৪ ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

মেসির বিদায়ী ম্যাচ কয়টায়, কোথায় দেখা যাবে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের এসতাদিও মাস মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি দিয়েই শেষ হতে যাচ্ছে মেসির ২১ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার।

ঐতিহাসিক ম্যাচটি বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে। বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটির সরাসরি সম্প্রচার থাকছে না। তবে অনলাইনে জি৫-এ ম্যাচটি সরাসরি দেখা যাবে।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ফলে ঘরের মাঠে কানায় কানায় পূর্ণ দর্শকের সামনে আর্জেন্টিনাকে শেষবারের মতো নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে। বিশেষ এই ম্যাচে আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও তাদের পরিবারের উপস্থিত থাকার কথা রয়েছে।

আন্তর্জাতিক ফুটবলে মেসির অর্জনের তালিকা দীর্ঘ। আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। পাশাপাশি রয়েছে ৬৮টি অ্যাসিস্ট। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলের রেকর্ড—দুটিই মেসির দখলে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বড় অর্জনের মধ্যে রয়েছে ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং সবচেয়ে কাঙ্ক্ষিত ২০২২ ফিফা বিশ্বকাপ জয়।

তবে বিদায়ী ম্যাচের আগে মেসির ক্যারিয়ারে যোগ হয়েছে একটি আক্ষেপও। দুই মাসেরও বেশি সময় আগে নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ৮৯তম স্থানে থাকা বেনিন। আফ্রিকার দলটির কোচ জার্মানির অভিজ্ঞ কোচ জার্নট রোহর। ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

শুধু মেসির জন্যই নয়, ম্যাচটি আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের জন্যও বিশেষ হয়ে উঠতে পারে। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পথে রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোও আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফলে মেসির বিদায়ী ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনার একটি সোনালি প্রজন্মের আন্তর্জাতিক অধ্যায়ের সম্ভাব্য সমাপ্তিরও সাক্ষী হতে যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com