| সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ধীরগতির ব্যাটিং করায় শুরুতেই চাপে পড়ে দল। অধিনায়ক লিটন কুমার দাসও বড় কিছু করতে পারেননি। ইনিংসের অর্ধেক পর্যন্ত সমর্থকদের মধ্যে হতাশাই ছিল স্পষ্ট।
তবে পরের দিকে দুটি গুরুত্বপূর্ণ জুটিতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
এই জয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন তাদের। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।
ইনিংসের শুরুতে ৫.৩ ওভারে ৪১ রানে ভাঙে ওপেনিং জুটি। ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ হাসান, আর ২৫ বলে ২০ রান করেন তানজিদ। ১৫ বলে ২১ রান করে ফেরেন অধিনায়ক লিটন। ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
এই পরিস্থিতিতে চতুর্থ উইকেটে দলকে টেনে তোলেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে মাত্র ২৮ বলে ৫৬ রানের জুটি গড়েন। ১৪ বলে ২৮ রান করে ইমন আউট হলেও ম্যাচের মোড় ঘুরে যায় তখনই।
এরপর শামীম হোসেন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে দুর্দান্ত জুটি গড়েন হৃদয়। ১৯ বলে ৪৯ রানের ঝড়ো জুটিতে জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। হৃদয় ২৯ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল দুটি চার ও তিনটি ছয়। অন্যদিকে শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান নাথান স্মিথ ও জশ ক্লার্কসন।
এর আগে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান লিটন কুমার দাস। শুরুতেই রান আউট হন ওপেনার টিম রবিনসন। এরপর কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার ৮৮ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নেন। দুজনই ৫১ রান করে আউট হন।
তাদের বিদায়ের পর কিছুটা চাপে পড়ে কিউইরা। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে রানের গতি কমে যায়। তবে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রান করে দলকে এগিয়ে নেন। জশ ক্লার্কসন করেন ৩০ রান। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড থামে ১৮২ রানে।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন দুটি উইকেট নেন। এছাড়া আরও তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
9 News Bd | s s