নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট
চলতি মাসের শেষ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের আসরে সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠাই দলের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
দেশ ছাড়ার আগে সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলীয় ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার ও কর্মকর্তারা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অধিনায়ক জ্যোতি।
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। যেহেতু সব ম্যাচই আন্ডার লাইটে হবে, তাই এখানে আমরা দুটি অনুশীলন ম্যাচ খেলেছি। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি, খুব ভালো ছিল।’
এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য শুধু সেমিফাইনাল পর্যন্ত নয়, ফাইনালে খেলা। আগের আসরগুলোতে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার সেই বাধা পেরোতে চান জ্যোতি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি—বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।’
তিনি আরও বলেন, ‘সেমিফাইনালটা আমরা কোনোভাবেই পার করতে পারছি না। এবার যদি সেমিফাইনাল ক্রস করতে পারি, তাহলে আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনাল খেলতে পারলে শিরোপা জয়েরও সুযোগ থাকবে। আমরা ধাপে ধাপে পরিকল্পনা করছি।’
এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমস। সেখানেও পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান বাংলাদেশের নারী ক্রিকেটাররা। গত আসরে ব্রোঞ্জ পদক জয়ের অভিজ্ঞতা এবার আরও ভালো ফলের প্রত্যাশা তৈরি করেছে।
এশিয়ান গেমসের লক্ষ্য নিয়ে জ্যোতি বলেন, ‘পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম। ২০১০ সালে পেয়েছিলাম রৌপ্য। এরপর এসএ গেমসেও ব্রোঞ্জ পেয়েছি। আমাদের দলের পক্ষ থেকে বলব, মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরা যেন একটি পদক নিয়ে আসতে পারি, সেটাই বড় বিষয়। আর সেটা যদি সোনা হয়, তাহলে আরও বড় অর্জন হবে।’
এশিয়া কাপের আগে প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল এবার নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে চায়। সেমিফাইনালের বাধা পেরিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে নামতে প্রস্তুত টাইগ্রেসরা।
Posted ২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২৬
9 News Bd | s s