| শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
প্রথমবারের মতো আয়োজিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের হাতছানি এখন লাল-সবুজের কিশোর ফুটবলারদের সামনে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে আজারবাইজানের রাজধানী বাকুতে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নামবে দলটি।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মন্টিনিগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশের কিশোররা। এরপর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিয়েছে। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৪০ মিনিটের।
‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস। গ্রুপ পর্বে ফিজিকে ৩-১ গোলে হারানোর পাশাপাশি ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করে বাংলাদেশ। তবে পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয় দলটিকে।
নকআউট পর্বে অবশ্য অন্যরূপে দেখা যায় বাংলাদেশের কিশোরদের। সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মন্টিনিগ্রো ও গ্যাবনকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় তারা।
এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারাতে পারলেই প্রথম আসরেই শিরোপা জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশের কিশোর ফুটবলাররা। দেশজুড়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, ফাইনালেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s