নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুর বিপর্যয় সামলে এবং পরে শৃঙ্খলিত বোলিংয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো একাধিক ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করল টাইগ্রেসরা।
সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ১৩ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্বশীল ব্যাটিং করে ইনিংস গড়ার চেষ্টা করেন। এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।
তবে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় অবদান আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। সাত নম্বরে নেমে তরুণ এই ব্যাটার ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ২২ বলে ৫টি চার মেরে অপরাজিত ৩৯ রান করেন তিনি। তার ক্যামিও ইনিংসের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১২৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নতুন বলে মারুফা আক্তারের নিয়ন্ত্রিত বোলিং প্রতিপক্ষকে স্বস্তিতে খেলতে দেয়নি। ইনিংসের প্রথম ওভারেই মেডেন আদায় করেন তিনি। যদিও প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় অষ্টম ওভার পর্যন্ত। নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু এনে দেন।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশের স্পিন বিভাগ। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ সাজিয়ে পাকিস্তানের রান তোলার গতি আটকে দেন জ্যোতি। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলার মিতব্যয়ী বোলিংয়ে বাড়তে থাকে চাপ। প্রয়োজনীয় রানরেট ক্রমেই নাগালের বাইরে চলে যায় পাকিস্তানের।
শেষদিকে ঝুঁকি নিয়ে বড় শট খেলতে গিয়ে একের পর এক উইকেট হারায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করতে পারে মাত্র ১০০ রান। ফলে ২৩ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয় শুধু দুই পয়েন্টই এনে দেয়নি, বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য যুক্ত করেছে নতুন এক মাইলফলকও। বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম এক আসরে দুটি ম্যাচ জিতে নিজেদের সামর্থ্যের শক্ত বার্তা দিলেন জ্যোতিরা।
Posted ৭:১৯ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬
9 News Bd | s s