নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সচেতন গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা পৃথক কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ব্যাংকের দিলকুশার প্রধান কার্যালয় ও শাপলা চত্বর এলাকায় তারা অবস্থান নেন।
দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরামের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার এবং দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। ফোরামের পক্ষ থেকে বলা হয়, ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
অন্যদিকে শাপলা চত্বরে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান নেন। ‘দফা এক, দাবি এক—চাকরি ফেরত চাই’ স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের দাবি, কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পেলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
তবে গ্রাহক ফোরামের পক্ষ থেকে চাকরিচ্যুতদের পুনর্বহল নিয়ে আপত্তি জানানো হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে চাকরিচ্যুত কর্মকর্তা মিজান বলেন, পরীক্ষা বাতিলের দাবিতে আদালতে যাওয়ায় অনেকে পরীক্ষায় অংশ নিতে পারেননি। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

Posted ৮:৪২ এএম | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


