নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত চলবে এ আয়োজন।
বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রিমস যৌথভাবে এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের আয়োজনে ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে। তিন দিনে ২৪ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প এগিয়ে নিতে বাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাত করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে হবে। একই সঙ্গে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রক্রিয়াজাতকরণ এবং সরকারের নীতি সহায়তার মাধ্যমে এ খাত ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাপার সভাপতি মাহবুব আনাম, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং বাপার সাবেক সভাপতি আবুল হাসেমসহ সংশ্লিষ্টরা।
ইতালির রাষ্ট্রদূত বলেন, খাদ্য প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, পণ্যের মূল্য সংযোজন ও বৈচিত্র্য বাড়াতে হবে। উৎপাদন পর্যায় থেকেই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত এবং অপচয় কমাতে হবে।
আহসান খান চৌধুরী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, দেশীয় প্রক্রিয়াজাত খাদ্যপণ্যকে বিশ্ববাজারে শক্ত অবস্থানে নিতে কাজ করছে বাপা। এ প্রদর্শনী নতুন প্রযুক্তি, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদার তৈরির সুযোগ সৃষ্টি করবে।
প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, লেবেলিং, মান পরিদর্শন, গুদামজাতকরণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা, যন্ত্রচালিত উৎপাদন, স্মার্ট কারখানা, শিল্পক্ষেত্রে ইন্টারনেট, আধুনিক যন্ত্রপাতি ও টেকসই প্যাকেজিং প্রযুক্তি গুরুত্ব পাচ্ছে। চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিভিত্তিক সমাধান প্রদর্শিত হচ্ছে।
একই ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে ‘ফুড ইনগ্রেডিয়েন্টস বাংলাদেশ এক্সপো ২০২৬’। এতে কার্যকরী খাদ্য ও পানীয়, বিকল্প প্রোটিন, উদ্ভিদভিত্তিক খাদ্য এবং টেকসই খাদ্য উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনী ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Posted ১০:৫৩ এএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


