নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট

এসবিএসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক মাকছুদুর রহমান সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একই বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েশন ফর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন।
এর আগে কানাডিয়ান কমনওয়েলথ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও কুমিল্লা শিক্ষা বোর্ডের মেধাতালিকায় স্থান অর্জন করেন।
অধ্যাপক মাকছুদুর রহমান সরকার একজন শিক্ষাবিদ, গবেষক ও হিসাববিদ হিসেবে পরিচিত। আর্থিক খাত নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার ৩৫টির বেশি গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার লেখা ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস’ বইটিও পাঠকমহলে পরিচিতি পেয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, দক্ষিণ আফ্রিকা ও চীনসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে আর্থিক খাতসংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সভায় অংশ নিয়েছেন।

Posted ৭:০২ এএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s


