শিরোনাম >>
শিরোনাম >>

রিকন্ডিশন্ড ইভি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট

রিকন্ডিশন্ড ইভি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার

ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শর্তসাপেক্ষে আমদানির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

বারভিডার নেতারা বলেন, সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে গাড়ির বয়সসীমা, ব্যাটারির সক্ষমতা, কারিগরি মান, নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে শর্ত আরোপ করে ব্যবহৃত ইভি আমদানির সুযোগ দেওয়া যেতে পারে। এতে পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে বারভিডার সভাপতি আবদুল হক, সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী ও হাবিবুল্লাহ ডন, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হক চৌধুরীসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বারভিডা জানায়, মোটরগাড়ি শিল্পে প্রযুক্তিগত পরিবর্তনের প্রতিটি পর্যায়ে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ী ও ব্যবহারকারীদের নতুন প্রযুক্তি গ্রহণ, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ সংগ্রহ, দক্ষ কারিগরি জনবল তৈরি এবং সার্ভিসিং অবকাঠামো গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। হাইব্রিড প্রযুক্তির ক্ষেত্রেও শুরুতে বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও পরে তা কাটিয়ে বাংলাদেশে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ তৈরি হয়েছে।

সংগঠনটির ভাষ্য, ২০০৯ সালে শুল্ক প্রণোদনাসহ নতুন হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেওয়া হলেও ব্যবহৃত ও রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেওয়া হয়নি। প্রযুক্তিগত সক্ষমতা ও হাইব্রিড ব্যাটারির জীবনচক্র নিয়ে বিভিন্ন আশঙ্কার কারণে তখন এ ধরনের গাড়ি আমদানি বন্ধ রাখা হয়। পরে সরকারের কাছে প্রযুক্তি ও বিশ্ববাজারের তথ্য-উপাত্ত তুলে ধরার পর ২০১৬-১৭ অর্থবছরে রিকন্ডিশন্ড হাইব্রিড গাড়ি আমদানির অনুমতি দেওয়া হয়।

বারভিডার দাবি, ওই অভিজ্ঞতার আলোকে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভির ক্ষেত্রেও সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে নিয়ন্ত্রিত আমদানি কাঠামো চালু করা উচিত। এতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের তুলনামূলক সাশ্রয়ী মূল্যে নতুন প্রযুক্তির গাড়ি ব্যবহারের সুযোগ তৈরি হবে।

সংগঠনটি জানায়, বিশ্বের বিভিন্ন দেশে শর্তসাপেক্ষে ব্যবহৃত ইভি আমদানির সুযোগ রয়েছে। বারভিডার দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে সর্বোচ্চ ১০ বছর, জর্জিয়ায় ছয় বছর, কেনিয়ায় আট বছর এবং সৌদি আরবে পাঁচ বছর বয়সী ইভি নির্দিষ্ট শর্তে আমদানি করা যায়। পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও নির্দিষ্ট বয়সসীমা ও শর্ত মেনে ব্যবহৃত ইভি আমদানির সুযোগ রয়েছে।

বারভিডার মতে, এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশও গাড়ির বয়স, ব্যাটারির সক্ষমতা, নিরাপত্তা ও কারিগরি মান বিবেচনায় নিয়ে একটি নিয়ন্ত্রিত আমদানি ব্যবস্থা চালু করতে পারে।

পাঁচ বছর বয়সী ইভি আমদানির প্রস্তাব

ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইভি আমদানির জন্য আট দফা প্রস্তাব দিয়েছে বারভিডা। এর মধ্যে রয়েছে প্রাথমিকভাবে সর্বোচ্চ পাঁচ বছর বয়সী ইভি আমদানির অনুমতি দেওয়া এবং ব্যাটারির ন্যূনতম ‘স্টেট অব হেলথ’ ৭০ শতাংশ নির্ধারণ।

এ ছাড়া আমদানির আগে অনুমোদিত সংস্থার মাধ্যমে গাড়ির কারিগরি পরিদর্শন ও প্রত্যয়ন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। বন্যা, অগ্নিকাণ্ড, গুরুতর দুর্ঘটনা বা কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত ইভি আমদানি নিষিদ্ধ রাখার কথাও বলা হয়েছে।

ইভি ব্যাটারি পুনর্ব্যবহার ও নিরাপদ অপসারণের জন্য কাঠামো গড়ে তোলা, চার্জিং স্টেশন, সার্ভিসিং, ব্যাটারি পরীক্ষা ও পুনর্ব্যবহার খাতে বিনিয়োগে প্রণোদনা অব্যাহত রাখা এবং ইভির বিদ্যমান শুল্ক-কর কাঠামো সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পুনর্নির্ধারণের প্রস্তাবও দিয়েছে বারভিডা।

সংগঠনটি আরও বলেছে, নির্দিষ্ট সময় পর এ নীতির ফলাফল মূল্যায়ন করে ইভির বয়সসীমা ও অন্যান্য শর্ত পুনর্বিবেচনা করা যেতে পারে।

বারভিডার নেতারা বলেন, পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয়, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ভোক্তার ক্রয়ক্ষমতা, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং চার্জিং অবকাঠামোর উন্নয়ন—সব বিষয় বিবেচনায় নিয়েই ইভি আমদানির নীতি নির্ধারণ করা প্রয়োজন।

তাদের দাবি, সরকার ইভি খাতের জন্য একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করলে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়ার পাশাপাশি দেশে ইভি সার্ভিসিং, ব্যাটারি পরীক্ষা, পুনর্ব্যবহার ও চার্জিং অবকাঠামোও দ্রুত গড়ে উঠবে।

এ জন্য আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এর সংশ্লিষ্ট ধারা সংশোধন করে শর্তসাপেক্ষে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বারভিডা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৪ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------