নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট

দেশীয় বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৯ হাজার ৮৫৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটির সভায় বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দিন পর্যন্ত একই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন মূল্য ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৪ হাজার ৬৬৬ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার নতুন মূল্য ৩ হাজার ২৬৬ টাকা।

Posted ৬:৩৭ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
9 News Bd | s s


