নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির তদবিরে ‘অতিষ্ঠ’ বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে, তিনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনেক সময় নিজ নিজ দপ্তরে ঢুকতেই পারেন না।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই ঢাকায় বদলি হতে চান। তাদের কথা শুনলে মনে হয়, যেন দেশের সব বিদ্যালয়ই রাজধানীতে অবস্থিত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বদলি ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ এবং হয়রানিমুক্ত করাই সরকারের লক্ষ্য। এজন্য শিক্ষকদের অপ্রয়োজনীয় তদবির কমিয়ে নিয়ম অনুযায়ী বদলি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
9 News Bd | s s