শিরোনাম >>
শিরোনাম >>
২০ দেশের ১৩০টির বেশি প্রদর্শক, আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করাই লক্ষ্য

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা এবং বৈশ্বিক পর্যটন শিল্পের সঙ্গে দেশের সংযোগ জোরদারের লক্ষ্য নিয়ে আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) প্রথমবারের মতো এ আন্তর্জাতিক আয়োজন করছে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. মহসিন ইকবাল, সহসভাপতি এ কে এম কামরুজ্জামানসহ সংগঠনের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, ৩ থেকে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ ট্রাভেল মার্টে বাংলাদেশসহ ২০টি দেশের ১৩০টির বেশি প্রদর্শক, শতাধিক পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থী অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, সরকারি নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশের পর্যটন শিল্প নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও কার্যকরভাবে তুলে ধরতেই এই আন্তর্জাতিক ট্রাভেল মার্টের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, বোটোয়া দেশের আউটবাউন্ড পর্যটন খাতের প্রতিনিধিত্ব করলেও ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, বিদেশি পর্যটক আকর্ষণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতেও কাজ করছে। ট্রাভেল মার্ট সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।

ট্রাভেল মার্টের প্রধান সমন্বয়কারী মহসিন ইকবাল জানান, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, বিমান সংস্থা, হোটেল, গন্তব্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সিকে একই প্ল্যাটফর্মে এনে আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে এই আয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রথমবারের মতো ব্যবসায়িক (বিটুবি) এবং সাধারণ দর্শনার্থীদের (বিটুসি) কার্যক্রম দুটি পৃথক হলে অনুষ্ঠিত হবে। বিটুবি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক হোস্টেড বায়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে নতুন সংযোজন। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যবসায়িক বৈঠক, নেটওয়ার্কিং এবং অংশীদারত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি পর্যটন, আতিথেয়তা ও বিমান পরিবহন খাতে বিনিয়োগ এবং বাজার সম্প্রসারণের সম্ভাবনাও বাড়বে।

অন্যদিকে বিটুসি প্ল্যাটফর্মে দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিশেষ ভ্রমণ অফার এবং বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য সম্পর্কে তথ্য ও আকর্ষণীয় ছাড়ের সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৮ এএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------