শিরোনাম >>
শিরোনাম >>
ঢাকা চেম্বারের মতবিনিময় সভা

ব্যবসার খরচ কমানো ও আইন-শৃঙ্খলা উন্নয়নের দাবি ধানমন্ডি-মোহাম্মদপুরের উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ব্যবসার খরচ কমানো ও আইন-শৃঙ্খলা উন্নয়নের দাবি ধানমন্ডি-মোহাম্মদপুরের উদ্যোক্তাদের

বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে মত দিয়েছেন রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ীরা। তাদের মতে, ব্যবসার পরিবেশ উন্নত করতে পরিচালন ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবা পুরোপুরি স্বয়ংক্রিয় করা, ব্যাংকঋণের সুদের হার হ্রাস, ঋণপত্র (এলসি) খোলার প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন জরুরি।

শনিবার (১১ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন উদ্যোক্তারা। নিউ ধানমন্ডি কনভেনশন হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতাসহ শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।

আলোচনায় বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উদ্যোক্তারা এখনও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির মতো নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, জ্বালানি ও বিদ্যুতের সীমাবদ্ধতার কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়েছে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্ত অনেক ব্যবসার বিক্রি কমিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর কমানো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য বিশেষ তহবিল গঠন এবং পাঁচ বছরের জন্য স্থিতিশীল কর কাঠামোর ঘোষণা ইতিবাচক উদ্যোগ। তবে রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যাংকঋণনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে বিনিয়োগে চাপ সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, নাগরিক সেবায় হয়রানি কমাতে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা চেম্বারের সঙ্গে যৌথভাবে ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে উদ্যোক্তারা সহজে সেবা নিতে পারেন। একই সঙ্গে তিনি হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর সময়মতো পরিশোধে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, অর্থনীতির গতি সচল রাখতে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদাবাজি দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, রাজধানীর কয়েকটি সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনার ইতিবাচক ফল পাওয়া গেছে এবং ভবিষ্যতে পুরো শহরে স্মার্ট পুলিশিং চালুর পরিকল্পনা রয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা ও স্থানীয় সক্ষমতার সীমাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যে কিছুটা ধীরগতি দেখা দিলেও ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময়সীমা তিন মাস অন্তর করার উদ্যোগ উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এনবিআরের দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা বলেন, রাজস্ব আহরণ ও ব্যবসাবান্ধব নীতি—দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই সরকার এগোতে চায়। তিনি জানান, নতুন অর্থ আইনে ব্যবসা সহজীকরণের জন্য বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে ২০৩৫ সাল পর্যন্ত শর্তসাপেক্ষ কর অবকাশের সুযোগ থাকায় এ খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা চশমা শিল্পের যন্ত্রপাতি আমদানি সহজ করা, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির ওপর কর কমানো, ডিজিটাল বিপণন ও ফ্রিল্যান্সিং খাতের জন্য নীতিমালা প্রণয়ন, কনটেইনার খালাস দ্রুত করা, নতুন উদ্যোক্তাদের জন্য এলসি প্রক্রিয়া সহজ করা, নারী উদ্যোক্তাদের বিশেষ প্রণোদনা দেওয়া এবং ট্রেড লাইসেন্সের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করার প্রস্তাব দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নতুন ৩৯টি প্রতিষ্ঠানকে ঢাকা চেম্বারের সদস্যপদ প্রদান করা হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নবনির্বাচিত সদস্যদের হাতে সদস্যপদের সনদ তুলে দেন। এ সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩০ এএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------