শিরোনাম >>
শিরোনাম >>

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

  |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

রাজধানী ঢাকায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য মেলা ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের দাবি, এ উৎসবে বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের পাশাপাশি থাকবে ফ্ল্যাশ সেল, বিশেষ অফার এবং সীমিত সময়ের একাধিক প্রচারণামূলক বিক্রয় কার্যক্রম।

বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটির বিস্তারিত তুলে ধরা হয়। ইভেন্টকমের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং জনসংযোগ সহযোগী হিসেবে কাজ করছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন, হেড অব অপারেশনস শফিকুল ইসলাম এবং উইমেন এম্পাওয়ারমেন্টের চিফ ফ্যাসিলিটেটর জিন্নাত আরা বারী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ২৫০টি স্বনামধন্য ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

আয়োজকদের মতে, একই স্থানে আন্তর্জাতিক ও দেশীয় ব্র্যান্ডের পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে কেনার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় স্থানীয় ব্র্যান্ডগুলোর পরিচিতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন। একই সঙ্গে করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক এবং ব্যবসায়িক অংশীদারদের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির ক্ষেত্রও তৈরি হবে।

মেলায় অংশগ্রহণে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুবিধার ঘোষণাও দেওয়া হয়েছে। আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং সম্পন্ন করলে আর্লি বার্ড অফারের আওতায় স্টল ভাড়ায় ৫০ শতাংশ ছাড় পাবেন অংশগ্রহণকারীরা।

প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এবং ক্রেতাদের মধ্যে একটি কার্যকর ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ দেশের খুচরা বাজারকে আরও প্রাণবন্ত করবে এবং ব্র্যান্ড ও ভোক্তার মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে এই ধরনের বৃহৎ পরিসরের ডিসকাউন্টভিত্তিক আয়োজন এবারই প্রথম। তাঁর ভাষায়, উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো নতুন গ্রাহকের কাছে পৌঁছানোর সুযোগ পাবে, অন্যদিকে ক্রেতারা জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য বিশেষ মূল্যছাড়ে সংগ্রহ করতে পারবেন। তিনি আরও বলেন, এই আয়োজন দেশের রিটেইল খাত, ব্র্যান্ড মার্কেটিং এবং ভোক্তা সম্পৃক্ততায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

নারী উদ্যোক্তাদের জন্যও এ উৎসব গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে উল্লেখ করেন জিন্নাত আরা বারী। তিনি বলেন, দেশে অনেক নারী উদ্যোক্তা মানসম্পন্ন পণ্য উৎপাদন করলেও বৃহৎ বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ সীমিত। এই উৎসব তাদের সম্ভাব্য ক্রেতা, করপোরেট প্রতিষ্ঠান, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ড তুলে ধরার সুযোগ করে দেবে।

আয়োজকরা জানান, ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’কে প্রতিবছরের নিয়মিত আয়োজন হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। রাজধানীতে সফল আয়োজনের পর দেশের অন্যান্য বিভাগীয় শহরেও পর্যায়ক্রমে এই উৎসব অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের মার্চে চট্টগ্রাম, মে মাসে রাজশাহী, জুনে সিলেট এবং সেপ্টেম্বরে খুলনায় একই ধরনের ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে দেশের বাইরেও এই আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম আয়োজন কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকরা।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪১ এএম | বুধবার, ০১ জুলাই ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------