ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৪ জুন ২০২৬ | প্রিন্ট

বিশ্বকাপে নিজের সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্নের জবাব মাঠেই দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচকদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া পর্তুগিজ মহাতারকা উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে পর্তুগালকে ৫-০ গোলের বড় জয় এনে দেন তিনি।
ম্যাচ শেষে টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে রোনালদোর সংক্ষিপ্ত মন্তব্য ছিল, “আই অ্যাম ব্যাক”। এই একটি বাক্যেই যেন তিনি জানিয়ে দিলেন, বয়স কিংবা সমালোচনা তাঁকে থামাতে পারেনি।
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে রোনালদোর পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। একই সময়ে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা গোলের পর গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, ৪১ বছর বয়সী রোনালদো কি তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন?
তবে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে সেই প্রশ্নের জবাব দিয়েছেন নিজস্ব ভঙ্গিতে। জোড়া গোলের পাশাপাশি পুরো ম্যাচজুড়েই ছিলেন সক্রিয় ও আত্মবিশ্বাসী। তাঁর নেতৃত্বে পর্তুগাল সহজেই তুলে নেয় বড় জয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একটি প্রশ্নে বিরক্তিও প্রকাশ করেন রোনালদো। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, বিশ্বকাপের পরবর্তী কোনো পর্যায়ে লিওনেল মেসির মুখোমুখি হতে চান কি না। প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “কী উত্তর দেব বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা হলে অবশ্যই দারুণ হতো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই ম্যাচ জেতা এবং পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া।”
তিনি আরও বলেন, “আমি ভালো খেলেছি, গোল পেয়েছি এবং দলকে সাহায্য করতে পেরেছি। পুরো দলই আজ অসাধারণ খেলেছে।”
পরে আরেক সাংবাদিক মেসি ও এমবাপ্পের সাম্প্রতিক গোল করার প্রসঙ্গ টেনে প্রশ্ন শুরু করলে রোনালদো তা শেষ করার সুযোগ না দিয়েই অন্য একজন সাংবাদিককে প্রশ্ন করতে বলেন। তখন তিনি স্পষ্ট করে জানান, সব প্রশ্নের উত্তর তিনি দেবেন না।
রোনালদো বলেন, “প্রশ্নের ওপর নির্ভর করছে। ভালো প্রশ্ন না হলে উত্তর দেব না।”
নিজের ফর্মে ফেরার প্রসঙ্গে পর্তুগিজ অধিনায়ক বলেন, “আমি সব সময়ই ফিরে আসি—হয় একটু আগে, নয়তো একটু পরে। নিজের কাজ করে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যা করি, তাতে আমার বিশ্বাস আছে। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এভাবেই এগিয়েছি।”
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেছেন রোনালদো। পর্তুগালের হয়ে বিশ্বকাপ ইতিহাসে এত গোল আর কোনো ফুটবলারের নেই।
প্রথম ম্যাচের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সপ্তাহটা খুব কঠিন ছিল। মনে হচ্ছিল, আমি যেন অনেক আগেই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি। কিন্তু আমি হাল ছাড়িনি। কঠোর পরিশ্রমে আমার বিশ্বাস আছে। সময়টা কঠিন ছিল, তবে আমরা আবারও নিজেদের সেরা অবস্থায় ফিরেছি।”
পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও রোনালদোর আবেগঘন প্রতিক্রিয়াকে স্বাভাবিক হিসেবে দেখছেন। তাঁর মতে, “সে একজন মানুষ। নিজের অনুভূতি প্রকাশ করার পূর্ণ অধিকার তার রয়েছে।”
ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়া রোনালদো ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁর ভাষায়, “রেকর্ড ভাঙা অবশ্যই আনন্দের। তবে আমার প্রধান লক্ষ্য জাতীয় দলকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া। এই পর্বে আমাদের লক্ষ্য ছিল পরের ধাপে যাওয়া এবং চার পয়েন্ট নিয়ে আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”

Posted ৮:২৯ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬
9 News Bd | s s


