নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট

পূবালী ব্যাংক পিএলসির ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে ২০২৫ সালের জন্য ১০ শতাংশ নগদ (ক্যাশ) এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মুস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
এছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ লিটন মিয়া এফসিএ এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমান সভায় উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের ধারাবাহিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করেন। চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির নানা চ্যালেঞ্জের মধ্যেও সুশাসন, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী মূলধন ভিত্তির মাধ্যমে পূবালী ব্যাংক একটি স্থিতিশীল ও আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
তিনি বলেন, শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ৩০ শতাংশ লভ্যাংশ ব্যাংকের আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি পরিচালনা পর্ষদের আস্থার প্রতিফলন।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী জানান, চ্যালেঞ্জপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৫ সালে ব্যাংকটি শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি, উন্নত সম্পদমান এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ১৩ কোটি টাকা। একই সময়ে আমানত বেড়ে হয়েছে ৮৯ হাজার ৫১৯ কোটি টাকা এবং নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ কোটি টাকা। মাত্র ২ দশমিক ২০ শতাংশ খেলাপি ঋণের হার বজায় রেখে ব্যাংকটি নিরাপদ ও সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।
ডিজিটাল রূপান্তরের অগ্রগতির বিষয়ে মোহাম্মদ আলী বলেন, ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজারে পৌঁছেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ১ কোটি ৮৬ লাখের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। বাংলা কিউআর, পিওএস নেটওয়ার্ক, সেলফ-সার্ভিস ব্যাংকিং এবং বিস্তৃত শাখা-উপশাখা নেটওয়ার্কের সমন্বয়ে পূবালী ব্যাংক একটি শক্তিশালী ‘ফিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেম’ গড়ে তুলছে।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক, শেয়ারহোল্ডার এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে চেয়ারম্যান মনজুরুর রহমান অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানিয়ে এজিএমের সমাপ্তি ঘোষণা করেন।

Posted ৩:৩৩ এএম | বুধবার, ১৭ জুন ২০২৬
9 News Bd | s s


