নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট

ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে শেষ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে শুরুতে নিজেকে বেশ সংযতই রেখেছিলেন পেপ গার্দিওলা। তীব্র গরমের মধ্যেও শান্ত ছিলেন তিনি। তবে ম্যাচের এক আবেগঘন মুহূর্তে নিজের অনুভূতি আর লুকিয়ে রাখতে পারেননি এই সফল স্প্যানিশ কোচ।
ম্যাচের ৫৯তম মিনিটে সিটি অধিনায়ক বের্নার্দো সিলভা ২০ নম্বর জার্সি পরে মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন। সেই মুহূর্তে আবেগে ভেঙে পড়েন সিলভা। প্রিয় শিষ্যকে এভাবে বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি গার্দিওলাও। সাম্প্রতিক সময়ে ইংলিশ ফুটবলে সিটির সাফল্যের দুই গুরুত্বপূর্ণ মুখের সেই আলিঙ্গন মুহূর্তেই আবেগ ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে।
সাদা টি-শার্টে চোখ মুছতে দেখা যায় গার্দিওলাকে, যিনি শেষ ম্যাচে কাঙ্ক্ষিত ফল পাননি। অ্যাস্টন ভিলার কাছে ২-১ ব্যবধানে হারলেও শেষ বাঁশির পর পুরো স্টেডিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, “এই অধ্যায় সবসময় আমার সঙ্গে থাকবে।” বের্নার্দো সিলভার প্রসঙ্গে তিনি বলেন, “ম্যাচের আগেই ও খুব আবেগপ্রবণ ছিল। কাঁদতে ইচ্ছে করলে কাঁদবে, হাসতে ইচ্ছে করলে হাসবে—আবেগ প্রকাশ করতেই হয়। আমি সাধারণত কাঁদি না, কিন্তু অন্য কাউকে কাঁদতে দেখলে নিজেকেও ধরে রাখতে পারি না।”

Posted ৮:৫৩ এএম | সোমবার, ২৫ মে ২০২৬
9 News Bd | s s


