নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট

বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালু, নতুন বিনিয়োগে গতি আনা এবং অর্থনীতিকে চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
শনিবার (২৩ মে) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে নেমে বর্তমানে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। একই সঙ্গে তৈরি পোশাক, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাত বড় চাপের মুখে রয়েছে।
গভর্নর বলেন, ব্যাংক খাতে খেলাপি ঋণ ও অর্থপাচার বেড়েছে, আমানতকারীদের আস্থা কমেছে এবং উচ্চ সুদের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণে নিরুৎসাহিত হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এই বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
ঘোষিত ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এবং বাকি ১৯ হাজার কোটি টাকা বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে।
পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বন্ধ শিল্প ও সেবা খাতে ২০ হাজার কোটি টাকা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া নিজস্ব সহায়তা তহবিল থেকে প্রি-শিপমেন্ট ক্রেডিট, চামড়া, হিমায়িত মাছ, পরিবেশবান্ধব বিনিয়োগ, স্টার্টআপ, বিদেশে কর্মসংস্থান ও সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন খাতে অর্থায়ন করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, এই তহবিলের মাধ্যমে বন্ধ শিল্পকারখানা আবার চালু হবে, কৃষি ও রপ্তানি খাতে নতুন গতি আসবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য বরাদ্দ অর্থ থেকে প্রায় এক লাখ মানুষের চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশা করা হচ্ছে।
সুদের হার প্রসঙ্গে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে অর্থ দেবে এবং ব্যাংকগুলো সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড রাখতে পারবে। ফলে বড় ঋণগ্রহীতারা ৭ শতাংশ সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

Posted ১২:৫৯ পিএম | শনিবার, ২৩ মে ২০২৬
9 News Bd | s s


