| সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
দেশের আর্থিক বাজারের স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে বড় ধরনের সংস্কারে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলোর প্রস্তাবিত হারের পরিবর্তে সরাসরি লেনদেনের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হবে মানি মার্কেটের সুদের হার। বৈশ্বিক SOFR-এর আদলে দেশে চালু হচ্ছে নতুন লেনদেনভিত্তিক রেফারেন্স রেট।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে নিয়মিতভাবে এই নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এতদিন দেশে সুদের হার নির্ধারণে ব্যবহৃত হতো ঢাকা ইন্টারব্যাংক অফার রেট (ডিবোর), যা মূলত ব্যাংকগুলোর প্রস্তাবিত সুদের হারের ওপর নির্ভরশীল ছিল। তবে অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো নিয়মিত তথ্য সরবরাহ না করায় বাজারের প্রকৃত অবস্থা প্রতিফলিত হতো না। এই সীমাবদ্ধতা কাটাতেই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন কাঠামোর অধীনে বাংলাদেশ ব্যাংক দুটি রেফারেন্স রেট প্রকাশ করবে—বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট (বিওএফআর) এবং ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট (ডিওএমএমআর)। এর মধ্যে বিওএফআর নির্ধারিত হবে আন্তঃব্যাংক রেপো বা জামানতনির্ভর লেনদেনের ভিত্তিতে, আর ডিওএমএমআর নির্ধারিত হবে জামানতবিহীন কলমানি লেনদেনের ভিত্তিতে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, এই রেটগুলো কোনো ব্যাংকের ইচ্ছামতো নির্ধারিত হবে না; বরং লেনদেনের পরিমাণভিত্তিক গড়ের ওপর ভিত্তি করে হিসাব করা হবে। বিওএফআরের ক্ষেত্রে ওভারনাইট ও এক সপ্তাহ মেয়াদি হার প্রকাশ করা হবে। অন্যদিকে ডিওএমএমআরের ক্ষেত্রে ওভারনাইট, এক সপ্তাহ, এক মাস ও তিন মাস মেয়াদি হার পাওয়া যাবে।
অস্বাভাবিক বা ব্যতিক্রমধর্মী লেনদেন যাতে সুদের হারকে প্রভাবিত করতে না পারে, সেজন্য বিশেষ পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হবে। কোনো নির্দিষ্ট দিনে পর্যাপ্ত লেনদেন না হলে ধারাবাহিক সময় পদ্ধতিতে আগের কার্যদিবসের তথ্য যুক্ত করে হার নির্ধারণ করা হবে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই উদ্যোগের ফলে দেশের আর্থিক বাজারে সুদের হারের একটি নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবে। এতে ঋণচুক্তি, বন্ড এবং ভাসমান সুদভিত্তিক বিভিন্ন আর্থিক পণ্যের মূল্য নির্ধারণ সহজ হবে। পাশাপাশি নতুন বিনিয়োগ পণ্য উদ্ভাবনেও সহায়ক হবে এই ব্যবস্থা।
আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছেও বাংলাদেশের আর্থিক বাজারের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলতি মার্চ মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই রেট প্রস্তুত করা হচ্ছে। ১৫ এপ্রিল থেকে প্রতিদিন সকালে সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই রেফারেন্স রেট দেখতে পারবেন। নিয়মিত পর্যবেক্ষণ ও বার্ষিক পর্যালোচনার মাধ্যমে এই পদ্ধতি আরও উন্নত করা হবে বলেও জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইস্তেকমালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ১:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
9 News Bd | s s