রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।
পাক্ষিক পর্যটন বিচিত্রা ‘দ্য বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে এই মেলায় সহযোগিতা করছে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইন্স। এবারের মেলায় বাংলাদেশসহ নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম ও চীন থেকে ৫০টিরও বেশি সংস্থা অংশ নিয়েছে। দর্শনার্থীদের জন্য মেলায় ১০টি প্যাভিলিয়ন এবং ৮০টিরও বেশি বুথ সাজানো হয়েছে।
মেলায় যা থাকছে:
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান টিকিটে বিশেষ ছাড়।
আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও হোটেল-রিসোর্ট বুকিং অফার।
মেডিকেল ট্যুরিজমসহ পর্যটন খাতের নানা সেবা।
মেলাটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পর্যটনপ্রেমীরা এখানে এসে দেশি-বিদেশি ভ্রমণের বিভিন্ন আকর্ষণীয় ডিল লুফে নিতে পারবেন।