নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের কার্যতালিকায় রিটটি ১১৯ নম্বর ক্রমিকে শুনানির জন্য ওঠে। তবে রিট আবেদনটি যথাযথভাবে করা হয়নি জানিয়ে আবেদনকারীপক্ষ সেটি উপস্থাপন না করার কথা জানালে আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. নুরনবী বুলবুল ও মোহাম্মদ ইউনুছ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
পরে নূর মুহাম্মদ আজমী বলেন, রিট আবেদনটি যথাযথভাবে হয়নি উল্লেখ করে আবেদনকারীপক্ষ আদালতকে এটি উপস্থাপন না করার কথা জানায়। এরপর হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা হিসেবে উল্লেখ করা মো. আল আমিন গত ১ সেপ্টেম্বর রিট আবেদনটি করেন। রিটে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
রিট আবেদনে ওই প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়েছিল।
২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে দল ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধের কথা বলা হয়।
ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি শেষ পর্যন্ত আদালতে উত্থাপিত না হওয়ায় হাইকোর্ট তা খারিজ করে দিলেন।
Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s