নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপিপন্থী আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় তিন আইনজীবী আহত হয়েছেন।
আহতরা হলেন ইব্রাহিম খলিল, জাফর আহমেদ ও আনিসুজ্জামান রায়হান। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার পর সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনের সামনে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে সমিতির ব্যাডমিন্টন মাঠের পাশে ইব্রাহিম খলিলকে কয়েকজন আইনজীবী মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এর কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের আইনজীবী সমিতির চেম্বারেও কয়েকজন আইনজীবী হামলা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সন্ধ্যার পর আইনজীবী সমিতি ভবনে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে বিরোধ
আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে বিভাজন ও অসন্তোষ চলছে। মঙ্গলবার দুপুরেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত বিএনপিসমর্থক আইনজীবীদের একটি শোভাযাত্রা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দিকে যাওয়ার সময় নিয়োগবঞ্চিত বলে দাবি করা বিএনপিপন্থী আইনজীবীদের একটি অংশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষ স্লোগান দিতে দিতে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে।
গত ৩০ জুলাই সরকার আগের সব আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন করে ২৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়। এরপর বাদ পড়া এবং নিয়োগপ্রত্যাশী আইনজীবীদের একটি অংশ প্রতিবাদ করে আসছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
Posted ৫:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s