মাহমুদ হাশিম | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট

বিশ্ববাজারে চীনা ব্র্যান্ডগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ইউরোপের সড়কে বৈদ্যুতিক গাড়ি, দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বাবল টি’র দোকান কিংবা বিশ্বজুড়ে সংগ্রহের উন্মাদনা তৈরি করা খেলনা—সবখানেই এখন চীনা ব্র্যান্ডের শক্ত অবস্থান দেখা যাচ্ছে। উদ্ভাবন, নকশা ও মানসম্পন্ন পণ্যের কারণে এসব ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছে।
সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে চীনা পানীয় ব্র্যান্ড মিশুয়ে আইসক্রিম অ্যান্ড টি তাদের প্রথম আউটলেট চালু করলে সেখানে ব্যাপক সাড়া পড়ে। ২০১৮ সালে ভিয়েতনামে প্রথম আন্তর্জাতিক শাখা চালুর পর প্রতিষ্ঠানটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ৪ হাজারের বেশি আউটলেট পরিচালনা করছে।
শুধু মিশুয়ে নয়, ক্রীড়াপণ্য নির্মাতা আন্তা যুক্তরাষ্ট্রে তাদের প্রথম প্রধান বিক্রয়কেন্দ্র চালু করেছে। হাইতিলাও-এর মতো হটপট চেইন বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে, আর ইয়াতিয়ার বৈদ্যুতিক বাইক ও মোটরসাইকেল দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে।
গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ব্র্যান্ডের প্রতি আন্তর্জাতিক আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তাদের বৈশ্বিক প্রভাবও ক্রমেই বিস্তৃত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে পণ্যের নকশা, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং বিপণনে নতুনত্ব আনায় চীনা ব্র্যান্ডগুলো দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। এর বড় উদাহরণ পপ মার্টের ‘লাবুবু’, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে এবং বিপুল বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে।
বিশ্লেষকদের মতে, চীনের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা, দক্ষ সরবরাহ শৃঙ্খল এবং দ্রুত উদ্ভাবনী সক্ষমতা ব্র্যান্ডগুলোর এই উত্থানের মূল চালিকাশক্তি। একই সঙ্গে পণ্যের পাশাপাশি জীবনধারা ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সামনে এনে চীনা ব্র্যান্ডগুলো এখন বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করে চলেছে।
তথ্যসূত্র: সিএমজি

Posted ১১:০৪ এএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
9 News Bd | s s


