| রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে আবারও গতি ফিরেছে। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে দেশে এসেছে ৩ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার কোটি টাকারও বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, এপ্রিল মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার, যা বর্তমান বিনিময় হারে ৩৮ হাজার ৩৬৮ কোটি টাকার বেশি।
খাতসংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহা সামনে থাকায় কোরবানির পশু কেনা ও পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীরা আগেভাগেই বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও সহায়ক ভূমিকা রাখছে।
তবে মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল আরও বেশি। ওই মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর আগে ফেব্রুয়ারিতে এসেছিল প্রায় ৩০২ কোটি ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

Posted ২:৩৫ পিএম | রবিবার, ০৩ মে ২০২৬
9 News Bd | s s


