আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট

লেবাননের ভেতরে ইসরায়েলি সেনা ও ট্যাংক লক্ষ্য করে হামলায় হিজবুল্লাহ নতুন ধরনের ‘ফাইবার অপটিক’ ড্রোন ব্যবহারের মাত্রা বাড়িয়েছে। ছোট আকারের এসব ড্রোন এখন তাদের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা।
বিশেষজ্ঞরা বলছেন, এই ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব এবং এগুলো শনাক্ত করাও কঠিন। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এসব ড্রোন সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে সহজে নিষ্ক্রিয় করা যায় না। কারণ এগুলো কোনো তারবিহীন সংকেত নয়, বরং সরাসরি ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
এই প্রযুক্তির ফলে ড্রোনগুলো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অপারেটরের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকায় নিয়ন্ত্রণে থাকে বেশি স্থিতিশীলতা এবং কম ত্রুটি।
ইসরায়েলি সামরিক সূত্রের মতে, এই নতুন ধরনের ড্রোন তাদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। কারণ প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা দিয়ে এগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে। ড্রোনগুলো প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত তারের মাধ্যমে পরিচালিত হতে পারে, ফলে চালকেরা নিরাপদ দূরত্বে অবস্থান করেই হামলা চালাতে সক্ষম হচ্ছেন।
এছাড়া এসব ড্রোনে শক্তিশালী বিস্ফোরক সংযুক্ত করার তথ্যও সামনে এসেছে, যা হামলাকে আরও প্রাণঘাতী করে তুলছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন হুমকি মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা খোঁজা হচ্ছে।

Posted ১১:১২ এএম | রবিবার, ০৩ মে ২০২৬
9 News Bd | s s


