নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাঁদের ব্যাংক হিসাবের পাশাপাশি শেয়ার, সঞ্চয়পত্র ও অন্যান্য আর্থিক হিসাবের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়ে এসব তথ্য চায় বিএফআইইউ। চিঠিতে হিসাব খোলার ফরম, লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট সব তথ্য দুই কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ-সংক্রান্ত আইনের আওতায় এসব তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেনের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চপর্যায়ে অপেশাদার আচরণের একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি ঘটনার তদন্ত চলছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি নতুন গভর্নর নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কবির আহম্মদ ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামকে কয়েকটি আদেশে জোরপূর্বক সই করানোর ঘটনায় মোশাররফ হোসেনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে তদন্ত চলছে।
তাঁর বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, আওয়ামী লীগ নেতা ও প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান চিকিৎসক এইচ বি এম ইকবালের বিরুদ্ধে বিএফআইইউ যাতে কোনো ব্যবস্থা না নেয়, সে জন্য একজন নির্বাহী পরিচালকের কাছে তদবির করেছিলেন তিনি। এ সময় বিএনপির একজন কেন্দ্রীয় নেতার নাম ব্যবহার করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় বিএফআইইউর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগে লিখিত অভিযোগ করা হয়।
Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s