| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনাটি ডাকাতি নয়, বরং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এমনটাই জানান নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং এর পেছনে পারিবারিক বা জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব থাকতে পারে। তিনি জানান, “প্রাথমিকভাবে এটি ডাকাতির ঘটনা মনে হচ্ছে না। নিহত গৃহবধূর কানে স্বর্ণালঙ্কার (দুল) অক্ষত রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে লুটপাট উদ্দেশ্য ছিল না।”
এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন—নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), তার বোন ডালিমা ও হালিমা এবং ভাগনে সবুজ রানা (২৫)। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন—নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে একাধিক ইউনিট একযোগে কাজ করছে। আলামত সংগ্রহ ও বিভিন্ন দিক বিশ্লেষণ করে দ্রুত ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করা হবে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

Posted ১২:২৫ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
9 News Bd | s s


