নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা জানেন না বলে জানিয়েছেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। তবে ছেলে মাঝেমধ্যে আশঙ্কার কথা বললেও এর কারণ কখনো খুলে বলেননি বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিজেদের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান তাহসিফের বাবা।
তিনি বলেন, তাহসিফ তাঁকে মাঝেমধ্যে বলতেন, তিনি কিছুটা আশঙ্কার মধ্যে আছেন। তবে কোনো হুমকি বা ভয়ভীতির কথা পরিবারকে জানাননি। কেন তিনি আশঙ্কিত ছিলেন, তা-ও জানা নেই পরিবারের।
তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে বিমানবাহিনীর চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছিল বলে পরিবারকে জানানো হয়। পরে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), নেত্র নিউজ এবং সর্বশেষ ভার্গো টোব্যাকোতে কাজ করেন। তাঁর ভাষ্য, তাহসিফ ছিলেন অত্যন্ত ভদ্র ও সামাজিক। সহকর্মীসহ সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক ছিল।
ছেলের নিখোঁজ হওয়ার ঘটনার বর্ণনা দিয়ে এনায়েতুল করিম বলেন, ২৭ অক্টোবর সন্ধ্যার আগে তাহসিফ সারাদিন মায়ের সঙ্গে ছিলেন। কেনাকাটাও করেন। সন্ধ্যার পর তাঁর এক জুনিয়র বন্ধু দ্বীপ বাসার নিচে এসে ডাকলে মাকে বলে নিচে যান। এরপর আর বাসায় ফেরেননি।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করেও তাহসিফের সন্ধান পাননি। রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ মাকে বার্তা পাঠিয়ে জানান, তিনি বাসায় ফিরছেন। এরপর থেকে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
ছেলের খোঁজে বুধবার দুপুরে তুরাগ থানায় যান পরিবারের সদস্যরা। পরে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে তাঁরা জানতে পারেন, তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাহসিফের বাবা বলেন, যে এলাকা থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি সাধারণত যেতেন না। কে বা কারা তাঁর ছেলেকে হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নদে মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়েছিল। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
9 News Bd | s s