রবিবার ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা নাহিদের

রাজবাড়ী প্রতিনিধি   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শঙ্কা নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন। এ বিষয়ে ১১-দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, সরকারদলীয় অভ্যন্তরীণ বিরোধে কয়েক শ মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করছেন। তাঁর মতে, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয় প্রভাবমুক্ত না হলে স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করা কঠিন হবে। এ পরিস্থিতিতে ১১-দলীয় জোট নির্বাচন কমিশনকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বলে জানান তিনি।

‘আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরতরে বন্ধ’

গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটেছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ছাত্র-তরুণ ও সাধারণ মানুষ জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ উৎখাত করেছেন। আওয়ামী লীগের বর্তমান তৎপরতাকে তিনি প্রতিবেশী দেশের কূটনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের লড়াই আদর্শিক। দলটি পরাজিত হলেও বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদ, স্বৈরাচার, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে যুক্ত শক্তিগুলোর মধ্যে এখন সমন্বয় তৈরি হচ্ছে।

ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম। তিনি জানান, সারা দেশে অঞ্চলভিত্তিক সমন্বয় সভার মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, নেতা-কর্মীদের দিকনির্দেশনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সারজিস আলম বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

সাংগঠনিক কার্যক্রম চালাতে বিভিন্ন এলাকায় বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রশাসন উদ্যোগ নিতে চাইলেও সরকারি দলের বাধার কারণে কিছু ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

এনসিপির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের নেতা-কর্মীরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, ঢাকা বিভাগ-দক্ষিণের সহসাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
শুভ শাহরিয়ার
Contact

৫৫-৫৫/১, রমনা, ঢাকা, বাংলাদেশ।

ফোন : +৮৮০১৯৭১৪৫৮২৫৭

E-mail: info@focusbangla24.com, focusbangla24online@gmail.com