নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ২০টি বিশেষ পরিবীক্ষণ টিম গঠন করা হয়েছে। সরকারি আবাসনে অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা এবং ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। কোথাও অনিয়ম বা মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের আবাসন পরিষ্কার রাখতে ব্যর্থ হলে তাঁদের সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সভায় জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি করে মোট ২০টি পরিবীক্ষণ কমিটি কাজ করবে। এদিকে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কারের পাশাপাশি দুই সিটি করপোরেশনের ৫৫টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।
সমন্বিত উদ্যোগে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আনার আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Posted ১২:৪১ পিএম | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


