ফোকাসবাংলা২৪ ডেস্ক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
অবিশ্বাস্য এক ম্যাচে ৪৩০ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৪ উইকেটে ৪২৯ রান করেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে ইংলিশদের। জবাবে ৪৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৩০ রান তুলে ২ উইকেটের ঐতিহাসিক জয় পায় শ্রীলঙ্কা।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। এর আগে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৮ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের ইনিংসে ইতিহাস গড়েন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২১টি চার ও ১০টি ছক্কা। মাত্র ১১৪ বলে দ্বিশতক পূর্ণ করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড গড়েন ব্রুক। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবেও ওয়ানডেতে দ্বিশতক করার কীর্তি গড়েন তিনি।
ব্রুকের পাশাপাশি জো রুট ৬৯ এবং উইল জ্যাকস অপরাজিত ৬৬ রান করেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
জবাবে রেকর্ড গড়া শ্রীলঙ্কা
৪৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে পাভান রত্ননায়েকে, অ্যাভিশকা ফার্নান্দো ও দাসুন শানাকা ম্যাচের চিত্র পাল্টে দেন।
রত্ননায়েকে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ফার্নান্দো করেন ৯৭ রান। এরপর শানাকার ঝোড়ো ব্যাটিং ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ বাড়িয়ে দেয়। মাত্র ৫০ বলে ৯৭ রান করেন তিনি, যাতে ছিল আটটি ছক্কা।
শেষ দিকে ম্যাচে আবারও উত্তেজনা ছড়ায়। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮ রান। ইংল্যান্ডের জশ টাং পরপর দুই বলে দুনিথ ওয়েল্লালাগে ও এশান মালিঙ্গাকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন।
কিন্তু জানিথ লিয়ানাগে দমে যাননি। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। ২২ বলে ৬১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে।
ব্রুকের ঐতিহাসিক দ্বিশতক শেষ পর্যন্ত বৃথা গেলেও শ্রীলঙ্কার এই জয় ওয়ানডে ক্রিকেটের অন্যতম স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।
Posted ৫:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
9 News Bd | s s