নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
দেশের তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাদের উদ্যোগে অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ শুরু হবে।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে আট বিভাগের আটটি জেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখায় আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন জমা দেন।
জেলাভিত্তিক আবেদনের হিসাবে, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোণায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।
পরবর্তী পর্যায়ে এসব আট জেলা বাদে দেশের অন্য ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ১:১১ অপরাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s