| শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

সাপ্তাহিক ছুটির দিন শনিবার আজ সরকারি-বেসরকারি সব অফিস খোলা থাকবে। একই সঙ্গে খোলা থাকবে ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি করতে ২২ অক্টোবরের ছুটি নির্ধারণের পাশাপাশি আজ ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর মধ্যে ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। ২২ অক্টোবরও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। ফলে আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত কর্মদিবসের মতো অফিস করতে হবে।
সচিবালয়সহ সরকারি দপ্তরগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। পাশাপাশি ব্যাংক, শেয়ারবাজার, আর্থিক প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রমও চালু থাকবে।
এর আগে ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সরকারের এই সিদ্ধান্তের ফলে ২০, ২১ ও ২২ অক্টোবরের ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।

Posted ৪:০১ এএম | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


