শিরোনাম >>
শিরোনাম >>

সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

সর্বোচ্চ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালন, উপাসনালয় নির্মাণ এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার দিয়েছে। এই অধিকার সবার জন্য সমানভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’র পরিবর্তে ‘ধর্মীয় সম্প্রীতি’ শব্দ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা কেউ এখানে সম্প্রদায় হয়ে আসিনি। দেশের আইনকানুন বা সংবিধান কাউকে সম্প্রদায় হিসেবে চিহ্নিত করে না। আমরা সবাই বাংলাদেশের সমান অধিকারপ্রাপ্ত স্বাধীন নাগরিক।”

অতীতে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ও ভোটব্যাংক হিসেবে ব্যবহারের চেষ্টা হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার নাগরিক হিসেবে সবার সমান অধিকারকে গুরুত্ব দেয়।

এবারের বনানী পূজামণ্ডপের মূল ভাবনা ‘জলজ’। দেশীয় সংস্কৃতি, উপকরণ ও ঐতিহ্যের সমন্বয়ে নির্মিত মণ্ডপের নান্দনিক সাজসজ্জার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশীয় ঐতিহ্যকে ধারণ করে এমন আয়োজন সত্যিই অসাধারণ ও প্রশংসনীয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, নেপালের রাষ্ট্রদূত জ্ঞানশ্যাম ভান্ডারী এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন)।

গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য স্বপ্না ভৌমিক। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়।

মহাষষ্ঠীর শুভলগ্নে দেবী দুর্গার আগমনী গান, নৃত্য পরিবেশনা ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় শারদীয় বিশেষ সাময়িকী ‘বোধন’-এর মোড়কও উন্মোচন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৪ পিএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------