নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

শারদীয় দুর্গাপূজায় ঘরমুখী মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন এ সেবা চালু থাকবে। এ জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রেখেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি। যাত্রীদের চাহিদা বাড়লে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি ও বাস সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন জেলার মধ্যে এবং আন্তজেলা রুটে এসব বাস চলাচল করবে। সম্ভাব্য গন্তব্যের মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম।
বিশেষ বাস সার্ভিস নির্বিঘ্ন রাখতে রাজধানী ও আশপাশের গুরুত্বপূর্ণ ছয়টি স্থানে ৬০টি বাস অতিরিক্ত প্রস্তুত রাখা হবে। স্থানগুলো হলো মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনাল।
বিআরটিসি জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত বাস নামানো হবে। ফলে পূজার ছুটিতে বাড়ি ফেরা ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এ বিশেষ সেবা সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।
বিশেষ বাস সার্ভিসের টিকিট, বাস সংরক্ষণ কিংবা অন্য কোনো তথ্যের জন্য বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।
টেলিফোন: ০২৪১০৫৩০৪২
মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯

Posted ১:৩৫ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


