| বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
মানসিক চাপ কমাতে কিংবা আরাম করে ঘুমাতে অনেকেই নানা পদ্ধতির আশ্রয় নেন। কেউ গান শোনেন, কেউ ম্যাসাজ করান। তবে শরীর আলতো করে চুলকে দেওয়ার মাধ্যমে মানসিক প্রশান্তি দেওয়ার অভিনব সেবা চালু করে আলোচনায় এসেছেন চীনের এক তরুণ উদ্যোক্তা। তাঁর দুটি সেলুন থেকে মাসে আয় হচ্ছে প্রায় এক লাখ ইউয়ান, যা প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের সমান বা ১৮ লাখ বাংলাদেশি টাকার সমান।
চীনের শেনঝেন শহরের বাওআন এলাকার ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচাও এই ব্যতিক্রমী ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করেন। অনলাইনে একটি ছোট ভিডিওতে স্ত্রীকে স্বামীর পিঠ চুলকিয়ে দিতে দেখে তাঁর মাথায় আসে বিষয়টি। ভিডিওটির মন্তব্যে অনেকে এমন সেবা পাওয়ার জন্য অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেন। ছোটবেলায় বাবার হাতে পিঠে আলতো আঁচড় খেতে খেতে ঘুমিয়ে পড়ার স্মৃতিও তাঁকে এ ব্যবসা শুরু করতে অনুপ্রাণিত করে।
তবে উদ্যোক্তা হিসেবে ঝাংয়ের পথচলা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর এক বছরের মধ্যে সাতবার চাকরি পরিবর্তন করেন তিনি। এরপর দুটি ব্যবসা শুরু করলেও অল্প সময়ের মধ্যে দুটিই ব্যর্থ হয়। সব বাধা পেরিয়ে নতুন ধারণা নিয়ে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
চলতি বছরের মে মাসে প্রথম চুলকানোর সেলুন চালু করেন ঝাং। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় শাখাও খুলে ফেলেন। তাঁর দাবি, দুটি সেলুন মিলিয়ে এখন প্রতি মাসে প্রায় এক লাখ ইউয়ান আয় হচ্ছে এবং ব্যবসাটি ইতিমধ্যে লাভজনক হয়েছে।
সেলুনটির সেবা পদ্ধতিও বেশ সরল। গ্রাহকেরা শুয়ে থাকেন, আর কর্মীরা বিশেষ ধরনের সূচালো প্লাস্টিকের নখ ব্যবহার করে শরীরের বিভিন্ন অংশে আলতোভাবে আঁচড় দেন। প্রতি ঘণ্টার সেবার জন্য নেওয়া হয় ৩০০ ইউয়ান, যা প্রায় ৪১ মার্কিন ডলারের সমান।
এ ধরনের সেবা আগে প্রচলিত না থাকায় ঝাংকে নিজেই বিভিন্ন কৌশল নিয়ে গবেষণা করতে হয়েছে। গ্রাহকদের আরাম দেওয়ার উপযোগী পদ্ধতি তৈরি করতেও উদ্যোগ নিতে হয়েছে তাঁকে।
ঝাংয়ের ভাষ্য অনুযায়ী, মানসিক চাপ কমানো ও ঘুমের মান উন্নত করতে আগ্রহী ব্যক্তিদের লক্ষ্য করেই এ সেবা চালু করা হয়েছে। ব্যবসার সাফল্যে উৎসাহিত হয়ে তিনি এখন চীনের বিভিন্ন এলাকায় আরও ১০০টি শাখা খোলার পরিকল্পনা করছেন। একই সঙ্গে শরীর চুলকে দেওয়ার এই সেবাকে স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্নও দেখছেন তিনি।
Posted ২:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
9 News Bd | s s