নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ঢাকার নিউমার্কেটে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়, দোকান দখল, ব্যবসায়ীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে নিউমার্কেটের অন্তর্বর্তীকালীন কমিটির বৈধতা, মেয়াদ, সদস্যদের পদত্যাগ এবং কমিটির আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
মকবুল হোসেন সরদারের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিনের, এতে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায় এবং ব্যবসায়ীদের ওপর প্রভাব বিস্তারের প্রসঙ্গ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। অভিযোগের পাশাপাশি নিউমার্কেট এলাকায় ব্যবসা পরিচালনার পরিবেশ, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং বাজার ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
অন্তর্বর্তীকালীন কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন
নিউমার্কেটের অন্তর্বর্তীকালীন কমিটির গঠন, মেয়াদ ও বৈধতা নিয়ে কয়েকটি প্রশ্ন রয়েছে। কমিটি কী প্রক্রিয়ায় গঠিত হয়েছে, এর সদস্যদের দায়িত্ব পালনের বৈধ ভিত্তি কী এবং কমিটির কার্যক্রমের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হচ্ছে—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবী করেছে অন্যান্য ব্যবসায়ীরা কারণ অন্যায়ের শিকার হয়ে কমিটির কয়েকজন সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তাঁদের পদত্যাগকে কমিটির অভ্যন্তরীণ অসন্তোষ ও ব্যবস্থাপনাগত জটিলতার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে তুলে ধরা হয়েছে।
আর্থিক স্বচ্ছতা নিয়ে উদ্বেগ
অন্তবর্তী কমিটির আর্থিক কার্যক্রম নিয়েও অনেক প্রশ্ন তুলেছেন সাধারণ ব্যবসায়ীরা। এতে ৩৭ লাখ ৯১ হাজার ৯৩৩ টাকার আয়-ব্যয়ের হিসাব, অর্থের ব্যবহার এবং সংশ্লিষ্ট লেনদেনের স্বচ্ছতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়ের আর্থিক হিসাব ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
নথিতে অর্থের অপব্যবহার বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে উল্লিখিত অর্থের উৎস, খাতভিত্তিক ব্যয়ের বিবরণ কিংবা কোনো নিরীক্ষা প্রতিবেদনের বিস্তারিত স্পষ্টভাবে পাওয়া যায়নি।
ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ব্যবসার দাবি
নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, দোকান দখল এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ দীর্ঘ দিনের। সাধারণ ব্যবসায়ীরা অভিযোগ করেছেন মকবুল হোসেন সরদার ভূয়া রাজনৈতিক পরিচয় নিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং ব্যবসায়ীদের বিভক্ত করার কাজে ব্যস্ত যা ব্যবসার সাধারণ পরিবেশ নষ্ট করছে। ব্যবসায়ীক সমিতির সুষ্ঠু নির্বাচন হলে যোগ্য ও দক্ষ সংগঠকের হাতে ইতিবাচক পরিবেশ ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কিন্তু মকবুল সরদার নির্বাচন না দেওয়ার জন্য নানান অপতৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতে চাচ্ছেন বলে মনে করেন অনেকে। তবে এ বিষয়ে মকবুল হোসেন সরদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কর্তৃপক্ষের হস্তক্ষেপের কামনা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অন্তর্বর্তীকালীন কমিটির বৈধতা ও কার্যক্রম পর্যালোচনা, আর্থিক হিসাব যাচাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে সাধারণ পুরোনো ব্যবসায়ীদের পক্ষ থেকে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।
নিউমার্কেটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখা, ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা এবং বাজার পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তবে এ ক্ষেত্রে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Posted ১:৪২ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


