ফোকাসবাংলা২৪ ডেস্ক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
আবুধাবি টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনেও ইতিহাস গড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। টেস্টের দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান করার পাশাপাশি এক ম্যাচে ৯টি ডিসমিসাল করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনের সকালের সেশনের শেষ দিকে ইবাদত হোসেনের বলে ইকরাম আলীখিলের ক্যাচটি নেন লিটন। ডান দিকে ঝাঁপিয়ে নেওয়া দুর্দান্ত ক্যাচটি ছিল ম্যাচে তাঁর নবম ডিসমিসাল। এর মধ্য দিয়ে নতুন ইতিহাসের পাতায় নাম লেখান বাংলাদেশের এই তারকা।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০২ রানের দারুণ ইনিংস খেলেন লিটন। উইকেটের পেছনে এখন পর্যন্ত আটটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিং করেছেন তিনি। সব মিলিয়ে ব্যাটিং ও কিপিং—দুই বিভাগেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ক্রিকেটার।
এর আগে এক টেস্টে দুই ইনিংসেই ৫০ বা তার বেশি রান করার পাশাপাশি সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসের দখলে। ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে তিনি দুই ইনিংসে যথাক্রমে ৬৯ ও ১৮২ রান করেন এবং উইকেটকিপার হিসেবে আটটি ডিসমিসাল সম্পন্ন করেন।
এবার এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডেও ভাগ বসানোর হাতছানি লিটনের সামনে। টেস্টে এক ম্যাচে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্তের। এই তিনজনের পাশে নাম লেখাতে লিটনের প্রয়োজন আর দুটি ডিসমিসাল। আর তিনটি করতে পারলে এককভাবে রেকর্ডটির মালিক হবেন তিনি।
১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ১১টি ডিসমিসাল করেন রাসেল। ২০১৩ সালে একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেই রেকর্ডে ভাগ বসান ডি ভিলিয়ার্স। এরপর ২০১৮ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১টি ডিসমিসাল করে তাঁদের পাশে জায়গা করে নেন পন্ত।
এক ম্যাচে উইকেটকিপারদের নয়টি ডিসমিসালের ঘটনা টেস্ট ইতিহাসে এ পর্যন্ত ৩১ বার ঘটেছে। ১০টি ডিসমিসাল হয়েছে পাঁচবার। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের আগের রেকর্ডটি ছিল খালেদ মাসুদের। ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি ডিসমিসাল করেছিলেন তিনি। গতকাল আটটি ডিসমিসাল করে সেই রেকর্ড ভাঙেন লিটন। এবার বিশ্ব রেকর্ডের আরও কাছে দাঁড়িয়ে বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
9 News Bd | s s