ফোকাসবাংলা২৪ ডেস্ক | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের একাংশের ক্ষোভ ও কটূক্তির মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর তাঁকে ঘিরে ধরে বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দেন কয়েকজন ব্যক্তি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ ঘটনার দৃশ্য দেখা যায়। ভিডিওতে ড. ইউনূসকে হুইলচেয়ারে বসা অবস্থায় বিমানবন্দরের ভেতর দিয়ে যেতে দেখা যায়। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর দিকে এগিয়ে গিয়ে উচ্চস্বরে বিভিন্ন মন্তব্য করেন এবং যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান।
ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসকে উদ্দেশ করে ‘আপনি সন্ত্রাসী’ এবং ‘আপনি এখানে কেন এসেছেন’—এ ধরনের মন্তব্য করতে শোনা যায়। বিক্ষোভকারীরা বাংলাদেশে হত্যাকাণ্ড, ব্যাপক গ্রেপ্তার এবং গণতন্ত্র ক্ষুণ্ন করার অভিযোগও তোলেন। পুলিশ সদস্যদের মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করেও তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় ড. ইউনূসের সঙ্গে থাকা ব্যক্তিরা তাঁকে নিয়ে পরিস্থিতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মী ও সফরসঙ্গীদের সহায়তায় তাঁকে বিমানবন্দরের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
তবে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় এবং তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোরও স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় ড. ইউনূস বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দায়িত্ব পালনকাল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্ক রয়েছে। নিউইয়র্কের বিমানবন্দরের এ ঘটনা সেই রাজনৈতিক বিরোধেরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
Posted ৬:৩৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
9 News Bd | s s