নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।
সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল। চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। সাধারণত ভোটগ্রহণের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা করা হয়। প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে ভোটের তারিখের অন্তত ৪২ দিনের মধ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকালে নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এ সভা শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Posted ৮:৫০ এএম | সোমবার, ১২ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


