নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়। পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত প্রার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা হবে না বলে জানালে তাঁদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক প্রার্থী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র সরবরাহ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁদের দেখা মেলেনি। পরে কর্মকর্তারা এসে পরীক্ষা স্থগিতের কথা জানান।
আরেক চাকরিপ্রত্যাশীর অভিযোগ, পরীক্ষার আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্ভাব্য প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। সেসব প্রশ্ন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বলে প্রচার করা হচ্ছিল। এ কারণে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রার্থীরা জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে আগের দিন তাঁদের কিছু জানানো হয়নি। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরিপ্রত্যাশীদের অনেককে যাতায়াত ও আবাসনের জন্য দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। কেউ হোটেলে, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করেছেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা আর্থিক ক্ষতি ও ভোগান্তির মুখে পড়েছেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। তাঁরা এ ধরনের অনিয়মের প্রতিকার এবং নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা স্থগিত হওয়ায় পুরো নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Posted ৭:১৫ এএম | শনিবার, ১০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


