নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। জড়িত সন্দেহে দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, ঘটনার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেখানে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁরা আগারগাঁও হয়ে কাফরুল সড়কের দিকে চলে গেছেন। তাঁদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল তদন্তে নামে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Posted ৫:৩২ এএম | শনিবার, ১০ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


