আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবারের এ হামলায় দেশটিতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় পাঁচ শিশু নিহত হয়। শক্তিশালী বিস্ফোরণে পাঁচতলা ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। জানালার কাচ ভেঙে ছড়িয়ে পড়ে চারদিকে। ভবনের ক্ষতিগ্রস্ত অংশ পরিণত হয় পোড়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, শুধু প্রিলুকির ওই আবাসিক ভবনেই ২০ জন নিহত হয়েছেন।
হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক মানুষ ও আবাসিক এলাকাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণ ও শিশুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রের এ ধরনের ব্যবহার সন্ত্রাস সৃষ্টির একটি পরিকল্পিত পদক্ষেপ।
প্রিলুকির ৪০ বছর বয়সী বাসিন্দা ও ম্যাসাজ থেরাপিস্ট ওলেনা সায়ুন বলেন, হামলার সময় তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের ধাক্কায় জানালার কাচ ভেঙে পড়ে। তিনি ও তার স্বামী নিজেদের শরীর দিয়ে সন্তানকে আড়াল করেন। এতে স্বামীর পিঠসহ তাদের শরীরে কেটে যাওয়ার মতো আঘাত লাগে।
তিনি জানান, বিস্ফোরণের পর তাদের সন্তান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা দ্রুত বাথরুমে আশ্রয় নেন। তখন চারপাশের সবকিছু তছনছ হয়ে যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে প্রিলুকিতে হামলা শুরু হয়। এর আগের দিন জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। বিশেষ করে জ্বালানি অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে বলে জানিয়েছিলেন তিনি।
জেলেনস্কি এ হামলাকে যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ইউক্রেন কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হামলা ঠেকাতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

Posted ৫:৫৭ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


