নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

ঢাকা দক্ষিণ, গাজীপুর ও রংপুর সিটি করপোরেশনের সড়ক, ড্রেনেজ ও নগর অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প রয়েছে। এর আওতায় সড়ক উন্নয়নের পাশাপাশি নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা হবে। প্রকল্প শুরুর দুই বছরের মধ্যে সমন্বিত পয়োনিষ্কাশন পরিকল্পনা যুক্ত করার কথা রয়েছে।
রংপুর সিটি করপোরেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন করা হবে। অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক নির্মাণ ও উন্নয়নের পাশাপাশি নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, এসব প্রকল্পের সঙ্গে নির্বাচনী প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। প্রকল্পগুলোর প্রস্তুতি অনেক আগে থেকেই চলছিল। ভবিষ্যতে সিটি করপোরেশনগুলোর উন্নয়নে আরও প্রকল্প নেওয়া হবে।
একনেক সভায় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনগুলোর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কয়েকটি নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। ঢাকা দক্ষিণের প্রকল্পে পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো রাস্তা বা অবকাঠামো নির্মাণের পর তিন বছরের মধ্যে সমস্যা দেখা দিলে ঠিকাদারকে নিজ খরচে তা মেরামত করতে হবে—এমন বাধ্যবাধকতা প্রকল্পে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিন অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া-নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি, বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ।
এ ছাড়া রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, প্যারিসে বাংলাদেশের চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়ন এবং দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণসহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
একনেকে অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২০ কোটি টাকা।
রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ছয় টাকা ধরা হয়েছিল। পরে চার ঘণ্টার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত হওয়ায় তা বেড়ে নয় টাকা হয়েছে। এখন ব্যাটারি সংরক্ষণের সময় আট ঘণ্টা করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের ব্যয় আরও বাড়তে পারে।

Posted ১২:২৪ পিএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


