আন্তর্জাতিক ডেস্ক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী চুক্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। রোববার তিনি এ অবস্থান স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি খুলতে হলে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।
ইরানের সংবাদমাধ্যম নূরনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘালিবাফ জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে আলোচনার নামে প্রক্রিয়া দীর্ঘায়িত করা কিংবা একতরফা দাবি আদায়ের সময় শেষ হয়ে গেছে বলে সতর্ক করেন তিনি।
ঘালিবাফ বলেন, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারকে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে তাদের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের পার্থক্য রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
এদিকে একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন ওই প্রস্তাব গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে বলে তিনি জানান।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনায় আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের শর্তগুলো স্পষ্টভাবে জানানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে সেসব শর্ত পূরণ করতে হবে। কূটনৈতিক সমাধানের পথেই যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে ইরান আশা করছে বলেও জানান তিনি।
তবে আলোচনার পাশাপাশি সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়েও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক পদক্ষেপের পথে এগোয়, তাহলে ইরানও আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। ফলে প্রণালিটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ইরানের সর্বশেষ বক্তব্যে তাই কূটনৈতিক অচলাবস্থার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো কীভাবে বিবেচনা করে এবং দুই পক্ষের মধ্যে আলোচনায় কতটা অগ্রগতি হয়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Posted ১:২২ পিএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


