ফেনী প্রতিনিধি | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট

বিএনপি সর্বশক্তি দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য আইন সমানভাবে কার্যকর নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে বিএনপি। তাঁর অভিযোগ, বিগত ১৭ বছরে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সরকার মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন এবং বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে। এসব কাজে বিঘ্ন ঘটলে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ।
বক্তব্যে কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ করেন তারেক রহমান। নির্দিষ্ট কোনো দলের নাম না নিয়ে তিনি ১৯৭১ সালে তাদের ভূমিকা এবং নারীদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তোলেন। একটি ঘটনা তদন্তাধীন উল্লেখ করে এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।
এর আগে প্রধানমন্ত্রী মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাশয় পুনঃখনন এবং সেচ অবকাঠামো সংস্কারের কাজ রয়েছে।
পরশুরামের কর্মসূচি শেষে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Posted ১২:২৩ পিএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
9 News Bd | s s


