শিরোনাম >>
শিরোনাম >>

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২

আফগানিস্তানের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এ হামলা চালানো হয়েছে। হামলায় নিহত ব্যক্তিরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত সংগঠনের সদস্য বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের দুটি এলাকায় জঙ্গিদের প্রশিক্ষণশিবির ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এসব স্থাপনা সংশ্লিষ্ট সংগঠন ও তাদের সহযোগীদের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছেন। পাশাপাশি ঘাঁটিগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, দেশটির বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকি আফগানিস্তানের ভূখণ্ড থেকে আসছে। এ কারণে সন্ত্রাসীদের ঘাঁটি ও নেটওয়ার্ক নির্মূল করতে অভিযান চালানো হচ্ছে। হামলায় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশটির নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় ‘গজব লিল-হক’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে। বিদেশি মদদ ও সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

তবে হামলার বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা হতাহতের স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪২ এএম | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

9 News Bd |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ভারপ্রাপ্ত সম্পাদক
------
Contact

-----------------

ফোন : --------------------

E-mail: -----------------------