নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক সংকটে পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় থাকা কুষ্টিয়ার মেধাবী শিক্ষার্থী মো. আলামিন হোসেনের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি। তাঁর শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এককালীন ৫০ হাজার টাকা সহায়তার পাশাপাশি প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
আলামিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক আলেফ আলীর বড় ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সোনালী ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে ব্যাংকের পক্ষ থেকে আলামিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আলামিনকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এককালীন ৫০ হাজার টাকার চেক তাঁর হাতে তুলে দেন।
এ ছাড়া আলামিনের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংকটি।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, পরিচালনা পর্ষদের সদস্য এবং কোম্পানি সচিব উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
9 News Bd | s s